তেল আবিব, ০৭ অক্টোবর-গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে যেকোনো সময় ইসরায়েল গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় পতনের দিকে যেতে পারে। এমন সতর্কতা উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একটি গোপন মূল্যায়নে। মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ইসরায়েলকে ধীরে ধীরে অস্থিতিশীল করে তুলছে।
‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শিরোনামের এই মূল্যায়নটি গত আগস্টে সিআইএর রেড সেল তৈরি করে। গোয়েন্দা সংস্থার এই বিশেষ ইউনিট প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে। দুই মার্কিন সূত্রের বরাত দিয়ে ড্রপ সাইট নিউজ এ প্রতিবেদন প্রকাশ করেছে।
সিআইএর মূল্যায়নে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলে একাধিক সংকট আরও তীব্র হয়েছে। এসব সংকটের মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি, দীর্ঘমেয়াদি যুদ্ধ শেষে মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের দেশে ফিরে আসা এবং কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ।
মূল্যায়নে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধ এবং লেবানন ও ইরানে সামরিক সংঘাত ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করেছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার চেষ্টার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সিআইএ। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
মূল্যায়নের বিষয়ে জানেন এমন এক মার্কিন সূত্র ড্রপ সাইট নিউজকে বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এমন পর্যায়ে পৌঁছেছে যে একটি ছোট ঘটনা বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাতের সূচনা করতে পারে।
এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও ইসরায়েল ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসাকে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।
তবে সিআইএ ওই প্রতিবেদনের বিষয়ে ড্রপ সাইট নিউজের মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মূল্যায়নে ইসরায়েলের আরব নাগরিকদের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়নি।
এস এম/ ০৭ অক্টোবর ২০২৬




