
মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং। ছবি : সংগৃহীত।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিমত্তাকে বহুগুণ ছাড়িয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছাচ্ছে। এতে একসময় এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং।
সোমবার ২৩ নভেম্বর সংবাদমাধ্যম আলজাজিরার এক বিশ্লেষনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলেক্সান্ডার ওয়াং বলেন, ‘সুপার ইন্টেলিজেন্স আসছে। আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেয়, তার ওপর নির্ভর করবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে।’
সম্প্রতি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক কর্মী তাদের তৈরি এআই মডেল ক্লড ব্যবহার করে গণিতের অন্যতম জটিল সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেন। এ ঘটনাকে এআইয়ের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন ওয়াং।
তার মতে, নতুন প্রজন্মের এআই মডেল শুধু মানুষের চেয়ে বেশি দক্ষ হবে না, নিজেদের সক্ষমতাও নিজেরাই বাড়াতে পারবে। এতে জীববিজ্ঞান, অস্ত্র গবেষণা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার গতি ব্যাপকভাবে বেড়ে যাবে।
ওয়াং বলেন, এআই যদি মানুষের সহায়তা ছাড়াই নিজেকে ক্রমাগত উন্নত করার সক্ষমতা অর্জন করে, তাহলে একপর্যায়ে সেটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। তাই এআইয়ের নিরাপত্তা, মানুষের লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে এর সামঞ্জস্য এবং সুরক্ষা নিশ্চিত করাকে এখনই অগ্রাধিকার দিতে হবে।
এআইয়ের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তি খাতে মতভেদ রয়েছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআই উন্নয়নের গতি কমানোর বিরোধিতা করলেও অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগের পক্ষে।
ওয়াং বলেন, সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। বরং এমন প্রযুক্তি গড়ে তুলতে হবে, যা মানুষের স্বাধীনতা ও সক্ষমতা বাড়াবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




