
টরন্টো, ১২ জুন – ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক এবার শুধু মেক্সিকো বা যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকছে না। সহ আয়োজক কানাডাও নিজেদের মাটিতে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উৎসবে শামিল হচ্ছে।
আজ শুক্রবার রাতে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। এই বর্ণাঢ্য আয়োজনটি সম্পন্ন হবে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের ঠিক আগে।
বিশ্বকাপের এই বিশেষ আয়োজনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তাদের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি। বলিউডে নিজের নাচ ও সংগীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
এই অনুষ্ঠানে নোরা ফাতেহি তার নতুন গান পরিবেশন করবেন। তার সঙ্গে মঞ্চ মাতাবেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি আমেরিকান গায়ক সঞ্জয়। এই তিন শিল্পীর যৌথ পরিবেশনা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন নোরা। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও ফিফার বিশ্বমঞ্চে ফিরছেন তিনি।
আয়োজক কর্তৃপক্ষের মতে নোরা এমন একজন পারফরমার যিনি সংগীত, নৃত্য এবং মঞ্চনৈপুণ্যের অসাধারণ সমন্বয় ঘটাতে সক্ষম।
নোরার পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকছেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। বৈচিত্র্যময় এই শিল্পী তালিকা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরবে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে। টরন্টো স্টেডিয়ামের এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে ইউনাইট৮ স্পোর্টস। এছাড়া অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে জি৫ প্ল্যাটফর্মে।
উল্লেখ্য যে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত কানাডার এই উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল, সংগীত এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের মাধ্যমে টরন্টোতে বিশ্বকাপ উৎসবের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
এনএন/ ১২ জুন ২০২৬







