২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরাকে নিয়ে বডি ডাবল গুঞ্জন – DesheBideshe

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরাকে নিয়ে বডি ডাবল গুঞ্জন – DesheBideshe


২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরাকে নিয়ে বডি ডাবল গুঞ্জন – DesheBideshe

মেক্সিকো সিটি, ১৩ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরার উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবারের আলোচনার মূলে রয়েছে তার গান বা পারফরম্যান্স নয় বরং মঞ্চে তার শারীরিক উপস্থিতি ঘিরে ছড়িয়ে পড়া বডি ডাবল গুঞ্জন।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলের এই মেগা আসরের যাত্রা শুরু হয়।

স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের আগে এই অনুষ্ঠানে আসরের অফিসিয়াল থিম সং দাই দাই পরিবেশন করেন শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।

শাকিরার পারফরম্যান্স শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। দর্শকদের একাংশ দাবি করছেন যে মঞ্চে যাকে দেখা গেছে তিনি প্রকৃত শাকিরা নন বরং তার মতো দেখতে অন্য কেউ পারফর্ম করেছেন। বিশেষ করে তার নতুন অবয়ব হালকা স্ট্রবেরি লাল চুল ও বড় কালো সানগ্লাস এই বিতর্ককে আরও উসকে দিয়েছে। ভক্তদের অনেকেই ইন্টারনেটে প্রশ্ন তুলেছেন যে তিনি সত্যিই শাকিরা কি না।

তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এমনকি আয়োজক কর্তৃপক্ষ বা শাকিরার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অনেক বিশ্লেষক মনে করছেন এটি শাকিরার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নতুন অধ্যায়ের প্রতিফলন। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে আলোচিত বিচ্ছেদের পর এমন বড় আন্তর্জাতিক মঞ্চে তার প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। গানের কথার মাধ্যমেও তিনি ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতাই তাকে আরও শক্তিশালী করে তুলেছে। সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে তেমনি তার নতুন রূপ ঘিরে তৈরি হয়েছে রহস্য যা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

এনএন/ ১৩ জুন ২০২৬



Scroll to Top