
ঢাকা,০৪ নভেম্বর-বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) এখনো খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিগ ব্যাশের ষোড়শ আসরের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।
অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের পরিবর্তে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কাঁধে অস্ত্রোপচার করানোর কারণে এবারের আসরে খেলতে পারবেন না বেহরেনডর্ফ। তাঁর জায়গায় মুস্তাফিজকে বেছে নিয়েছে রেনেগেডস।
বিগ ব্যাশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি বেহরেনডর্ফের অনুপস্থিতিতে বোলিং আক্রমণ শক্তিশালী করতে মুস্তাফিজের ওপর ভরসা রেখেছে দলটি। ৩১ বছর বয়সী এই পেসারের জন্য বিগ ব্যাশে খেলতে নামা হবে নতুন অভিজ্ঞতা।
মুস্তাফিজ দলে যোগ দেওয়ায় বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। এর আগে সাকিব আল হাসান ও রিশাদ হোসেন এই প্রতিযোগিতায় খেলেছেন। সাকিবও মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। অন্যদিকে, গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।
বাংলাদেশি এই পেসারকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। তাঁর মতে, মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রনকি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বের বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে ম্যাচজয়ী বোলার হিসেবে প্রমাণ করেছে। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার যে সামর্থ্য তার আছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক সেটিই প্রয়োজন ছিল।’
‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ কাটার ও স্লোয়ারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৪২৩। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নয় আসরে নিয়েছেন ১২১ উইকেট। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আটটি আসরে খেলেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুমেই আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পান এই পেসার।
প্রথমবার বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে মুস্তাফিজও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রেনেগেডসের এক বিবৃতিতে তিনি বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে (এমসিজি) নিজেদের ঘরের মাঠ হিসেবে পাওয়া আমার জন্য বিশেষ কিছু হবে। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে আমি রোমাঞ্চিত।’
এস এম/ ০৪ নভেম্বর ২০২৬




