আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনে ব্যবহৃত ট্রফি উঠছে নিলামে – DesheBideshe

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনে ব্যবহৃত ট্রফি উঠছে নিলামে – DesheBideshe


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনে ব্যবহৃত ট্রফি উঠছে নিলামে – DesheBideshe
আর্জেন্টিনার বিশ্বকাপ

বুয়েনস আইরেস,০৪ নভেম্বর-২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর মাঠে উদযাপনের সময় লিওনেল মেসিরা যে ট্রফিটি ব্যবহার করেছিলেন, সেটি এবার নিলামে উঠছে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্স ট্রফিটি নিলামে তুলবে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ১৮ ক্যারেট সোনার তৈরি আসল ট্রফিটি দেওয়া হয়েছিল। তবে মাঠে খেলোয়াড়দের উদযাপনের জন্য ব্যবহার করা হয়েছিল ট্রফিটির একটি রেপ্লিকা। এবার সেই রেপ্লিকা ট্রফিটিই নিলামে তোলা হচ্ছে।

নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে উদযাপনের সময় ট্রফিটি ব্যবহার করা হয়েছিল। পরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা এতে অটোগ্রাফ দেন। এরপর এটি রাজধানী বুয়েনস এইরেসের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়।

ট্রফির পাশাপাশি একটি ট্রেডিং কার্ডও নিলামে তোলা হবে। কার্ডটিতে রেপ্লিকা ট্রফি হাতে মেসির ছবি রয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, একই নিলামে এই দুটি সংগ্রহযোগ্য সামগ্রী একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।

নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রফিটির সঙ্গে এর সত্যতা ও উৎস প্রমাণের জন্য ছবি, ভিডিও এবং যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলও দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ট্রফি ও ট্রেডিং কার্ড দুটি একসঙ্গে সংগ্রহ করা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের স্মারক পাওয়ার একটি বিরল সুযোগ।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Scroll to Top