সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার? ইতোমধ্যেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে ২০২৭ সালে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়া কিংবা বুটজোড়া চিরতরে তুলে রাখার সম্ভাবনা—কোনোটাই উড়িয়ে দিচ্ছেন না তিনি। সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলীয় তারকা।
সান্তোসের সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে নেইমারের। এই চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কতদিন খেলব জানি না। এখনই খেলা ছাড়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন টিকব তাও নিশ্চিত নয়। ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তিটা পুরোপুরি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সি গায়ে সেরা পারফর্ম করতে চাই।’
ব্রাজিল সুপারস্টার আরও যোগ করেন, ‘সত্যি বলতে আমি জানি না সামনে কী করব। ডিসেম্বরের এখনো অনেক বাকি। চুক্তির মেয়াদ শেষ হলে বসে ভাবব যে, সান্তোসে থাকব, চলে যাব, নাকি ফুটবল খেলা থামিয়ে দেব। তবে আমরা আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে আমি এখন ভালো বোধ করছি, আর এটাই সবচেয়ে বড় কথা।’
সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই সান্তোসের সামনে।
দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার সকালেই বেলমের উদ্দেশ্যে রওনা হয়েছেন নেইমার। মাঠে নিজের উপস্থিতি ও ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি খেলব, কোচ আমার শতভাগ পারফরম্যান্সই পাবেন। আশা করি মাঠে নেমে দলকে সাহায্য করতে পারব এবং পেসাওদের (সান্তোস সমর্থকদের) একটি জয় উপহার দিতে পারব।’





