উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে গণতান্ত্রিক কঙ্গো – DesheBideshe

উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে গণতান্ত্রিক কঙ্গো – DesheBideshe


উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে গণতান্ত্রিক কঙ্গো – DesheBideshe

আটলান্টা, ২৮ জুন – উজবেকিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে গণতান্ত্রিক কঙ্গো। এই জয়ের মধ্য দিয়ে দলটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। দীর্ঘ ৫২ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে অংশ নিয়েই বাজিমাত করল আফ্রিকান দেশটি।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখল ও আক্রমণের দিক থেকে কঙ্গো এগিয়ে থাকলেও ম্যাচের ১০ মিনিটেই এল্ডর সমুরোদোভের গোলে লিড নেয় উজবেকিস্তান। এই লিড তারা ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়।

অন্যদিকে একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারছিল না কঙ্গো। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে কঙ্গো।

উজবেকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড় আবদুকোদির খুসানোভ ডি বক্সে ইয়োয়ানে উইসাকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি উইসা। সমতায় ফেরার ১০ মিনিটের মাথায় ফিস্তন মায়েলের গোলে লিড নেয় তারা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে উইসা নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

এর আগে ১৯৭৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তিনটি ম্যাচের সবকটিতেই হেরেছিল কঙ্গো। যার মধ্যে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ গোলের বড় হারও ছিল। তবে এবারের আসরে পর্তুগালকে রুখে দিয়ে শুভসূচনা করা কঙ্গো কলম্বিয়ার বিপক্ষে লড়াকু হার হারলেও শেষ ম্যাচে জয় নিয়ে ইতিহাস গড়ল।

এনএন/ ২৮ জুন ২০২৬



Scroll to Top