
মিয়ামি, ২৮ জুন – যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়া ও পর্তুগাল। ম্যাচে দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কোনো পক্ষই।
ম্যাচটি ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কলম্বিয়া এবং রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। পুরো ম্যাচে কলম্বিয়ার প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। তারা মোট ২৬টি শট নেয় যার মধ্যে ৬টি ছিল গোলমুখে।
অন্যদিকে পর্তুগাল ১৩টি শট নিলেও প্রথমার্ধের পর আর একটিও গোলমুখে রাখতে পারেনি। ম্যাচের শেষ দিকে ডেভিনসন সানচেজ বল জালে জড়ালে কলম্বিয়া জয়ের স্বপ্ন দেখেছিল। তবে ভিএআর প্রযুক্তির সাহায্যে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলে হতাশ হতে হয় লাতিন আমেরিকার দলটিকে।
এই ড্রয়ের ফলে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে উভয় দল। শেষ ৩২ এর লড়াইয়ে পর্তুগাল মুখোমুখি হবে লুকা মদরিচের দল ক্রোয়েশিয়ার। মিয়ামির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটিতে গোলের দেখা না মিললেও দুই দলের আক্রমণাত্মক লড়াই দর্শকদের যথেষ্ট বিনোদন দিয়েছে।
এনএন/ ২৮ জুন ২০২৬






