আটকের কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তরা বলছেন কালো পতাকা মিছিল থেকে নিরাপত্তার জন্যই ড. মঈন খানকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছিল।
মঙ্গলবার ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, কিছুক্ষণ আগে মঈন খানের সঙ্গে কথা রয়েছে। তিনি বলেছেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে।
এর আগে তিনি মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।
এরআগে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করে বিএনপি।
মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদকে ডামি নির্বাচনের অবৈধ সংসদ দাবি করে অধিবেশন শুরুর দিন ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
শনিবার ২৭ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।






