রাজশাহীর বাগমারা উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে রুবেল হোসেন (২৮) নামের এক তরুণকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজশাহী শহরের উপকণ্ঠ মাসকাটাদিঘি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রুবেল হোসেন সেখান থেকে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
রুবেল হোসেন রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের বাগমারা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল ভোরে নিজ বাড়িতে খুন হন রুবেল হোসেনের স্ত্রী ঝর্না খাতুন (২৪)। তাঁকে শাবল দিয়ে খুঁচিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যার পর রুবেল পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের। ঝর্না খাতুন উপজেলার বুজরুকৌড় গ্রামের আলিমুদ্দিনের মেয়ে। ছয় বছর আগে রুবেলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। রুবেল পেশায় নির্মাণশ্রমিক।




