এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী দু-এক দিন দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ এবং সারা দেশে শীত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে চার দিন আগে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা দিয়ে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, তা এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে ওই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও একই এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অনেক এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে।




