বর্ষাকালে প্রেম হারানো দিনের কথা মনে পড়ে—মনে পড়ে প্রেমিকার কথা, জলের মতো মায়ের কথা। আরও না-থাকা অসংখ্য মুখের স্মৃতিও এসে থই থই করে মেঘলা দিনে। শীতকালেও একইভাবে তা মনে হয়। শীতকালে যেমন বিকেল হতে না-হতেই ঝুপ করে সন্ধ্যা নেমে আসে, তেমনি মানুষের মনেও হঠাৎ বিষণ্নতা ভর করে ফেলে। এটা হয় মূলত ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আচরণ ও সিদ্ধান্ত পরিবর্তিত হওয়ার কারণে। একে বলা হয় সিজনাল অ্যাফেকটিভ ডিজঅর্ডার (স্যাড)।
ঋতু পরিবর্তন মানুষের আবেগকে প্রভাবিত করে। এই প্রভাবে সৃষ্ট ডিজঅর্ডার অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির দিকে মানুষকে নিয়ে যেতে পারে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে মানুষ। তবে প্রাকৃতিক বৈচিত্র্যের সবচেয়ে বেশি ব্যবহার শিখতে পারলে এই বিষণ্নতা বা ডিজঅর্ডার থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ঋতু পরিবর্তন যে শুধু মানুষের আবেগকে প্রভাবিত করে, তা নয়। সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাপত্রে বলা হয়েছে, নানাভাবে ঋতু মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। মানুষের যৌনতা থেকে শুরু করে বুদ্ধিমত্তা ও সামাজিক কর্মকাণ্ডকেও প্রভাবিত করতে পারে।



