বীর মুক্তিযোদ্ধা সোহবার সরদারের ছেলে জনি সরদার বলেন, এলাকার আধিপত্য নিয়ে প্রায়ই তাঁদের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা করা হয়। হামলাকারীরা তাঁদের ঘরবাড়িতে হামলা করে তছনছ করে দিয়েছে। এ ঘটনার বিচার চান তাঁরা।
হামলায় সোহবার সরদারের ভাগনে সাহেব আলী গুরুতর আহত হয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জয়নাল বাহিনীর লোকজন মার্কেটের সামনে বোমা ফাটিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। আমি বাধা দিতে গেলে ওরা আমাকেও মারধর করে। এখানে আমরা কোনো রাজনীতি করি না। তবু আমাদেরই ক্ষতির শিকার হতে হচ্ছে।’
ঘটকচর বাসস্ট্যান্ডের পাশে একটি চা-পানের দোকান চালান জহুরা বেগম (৩৫)। তাঁর দোকানেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। জহুরা বেগম প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে দেড়-দুই শ লোক আইসা আমার দোকানে হামলা চালাইছে। আমার স্বামী দোকানে ছিল না। আমারে দোকান থিকা বাইর কইরা আমার দোকানে লুট চালাইছে। দোকানে যা ছিল, সব নিয়া গেছে। আমরা গরিব মানুষ। কোনো রাজনীতি করি না। আমি এ ঘটনার বিচার চাই।’



