চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত নাহিদ রানা – Sarabangla

চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত নাহিদ রানা – Sarabangla

দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে চোটের সঙ্গে লড়াই করে অবশেষে ফেরার জন্য প্রস্তুত বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে পূর্ণ গতিতে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন নাহিদ। পূর্ণ গতিতে তিনি বোলিং করছেনও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই মাঠে দেখা যেতে পারে তাকে।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, নাহিদকে নিয়ে একটুও ঝুঁকি নেওয়া হবে না। তার ফিটনেস পরীক্ষা, ওয়ার্কলোড ইত্যাদি বিশ্লেষণ করে তবেই তাকে মাঠে নামানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ট্রেলিয়া থেকে ফিরে গতকাল বিসিবির মেডিকেল বিভাগের পরীক্ষায় বসেছিলেন নাহিদ। তাতে পাস সার্টিফিকের মিলেছে। বিসিবির একজন কর্মকর্তা জানান, ‘সে (নাহিদ) ফিট। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।’

গত জুলাই মাসে জিম্বাবুয়ে সিরিজে চোটে পরেন নাহিদ। তারপর থেকে নতুন নতুন চোট যুক্ত হতে থাকে তার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গ্রেড-টু সাইড স্ট্রেইন চোটে পরেন। তার আগে শিনের হাড়ে স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যাতেও ভুগছিলেন। দুই চোট কাটিয়ে বোলিং শুরু করেছিলেন নাহিদ। কিন্তু তখন নতুন করে কোমর আর নিতম্বের পাশে অস্বস্তি দেখা দেয়। এর সঙ্গে কাঁধের ল্যাব্রাম টিয়ার চোট যুক্ত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাহিদকে পরে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর কাছে পাঠান। সেখানেই দীর্ঘদিন পূনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তরুণ পেসার। অবশেষে চোট কাটিয়ে উঠেছেন নাহিদ। অস্ট্রেলিয়াতে থাকতেই জানিয়েছিলেন, পূর্ণ গতিতে বোলিং করতে সমস্যা হচ্ছে না তার। দেশে ফিরে বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্রও পেলেন।

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচ, তারপর গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজ, এশিয়ান গেমস, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে চলতি টেস্ট খেলতে পারেননি নাহিদ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শেষ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ২৩ নভেম্বর। তারপর ১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, তারপর টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজেই খেলতে নাহিদের কোনো মেডিকেল বাঁধা নেই। দেখা যাক, এবার টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।

Scroll to Top