যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। চলতি বছর নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিলেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার ২১ জানুয়ারি নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডিস্যান্টিস। একজন রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের বিপক্ষে তাকেই সর্বাধিক শক্তি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।
রোববার সামাজিক মাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় ডিস্যান্টিস বলেন, আমি নির্বাচনী সকল প্রচারণা থেকে সরে এসেছি। আমি প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি। এই বিষয়টি স্পষ্ট, বেশিরভাগ রিপাবলিকান ভোটার ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান।


ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মতবিরোধের বিষয়ে ডিস্যান্টিস বলেন, জো বাইডেন থেকে ট্রাম্প বেশি চর্চায় আছেন। ট্রাম্প নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে প্রায় নিশ্চিত। আমি রিপাবলিকান মনোনীত প্রার্থীকে সমর্থন করার জন্য একটি অঙ্গীকারে স্বাক্ষর করেছি এবং আমি সেই অঙ্গীকারকে সম্মান করব।
রন ডিস্যান্টিস হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রথম নির্বাচিত হয়েছিলেন ২০১২ সালে। মাত্র ছয় বছর পর ২০১৮ সালে তিনি ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হন। ডিস্যান্টিসের জন্ম ১৯৭৮ সালে ফ্লোরিডার জ্যাকসনভিলে।
তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি বাস্কেটবল টিমের অধিনায়ক ছিলেন। পরে তিনি হার্ভার্ড ল স্কুলেও পড়েছেন। সেখানে দ্বিতীয় বর্ষে থাকার সময় তিনি মার্কিন নৌবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। সেখানে তিনি নৌবাহিনীর আইন শাখা জাজ এডভোকেট জেনারেল (জ্যাগ) বিভাগে কাজ করেন। এই বিভাগে থাকার সময় তাকে গুয়ানতানামো বন্দী শিবিরের বন্দীদের নিয়ে কাজ করতে হয়েছে। এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের যে নেভি সীলস টিম মোতায়েন করা হয়েছিল, তাদেরও আইন উপদেষ্টা ছিলেন তিনি।







