শীর্ষস্থানীয় পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন জু-উন নাহার চৌধুরী। প্রথম বাংলাদেশি ও প্রথম নারী হিসেবে তিনি কোম্পানিটির এমডির দায়িত্ব পেলেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোকা-কোলা বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জু-উন নাহার চৌধুরী বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের বিপণন বিভাগের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। তাঁর নেতৃত্বে দেশব্যাপী ‘লাইফবয় হাত ধোয়া প্রচারণা’ আয়োজন করা হয়, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পায়।



