অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, বীট মডেল স্কুল, টিএমএসএস স্কুল অ্যান্ড কলেজসহ শহরের নামীদামি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল আটটায় প্রভাতি শাখার পাঠদান কার্যক্রম শুরু হয়। পাঠদান কার্যক্রম বন্ধের ঘোষণা এসেছে সকাল নয়টায়। এতে তীব্র শীতের কষ্টের মধ্যেও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে হয়েছে।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী প্রথম আলোকে বলেন, প্রভাতি শাখার পাঠদান কার্যক্রম শুরুর পর বিদ্যালয় বন্ধের নির্দেশনা এসেছে। সঙ্গে সঙ্গে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও আগে বন্ধের নির্দেশ পেলে বিদ্যালয়ের ফেসবুক পেজে নোটিশ দেওয়া যেত।
বগুড়া জিলা স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জিয়াউল ইসলাম বলেন, এক দিন আগেই আশপাশের জেলায় পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই শীতের তীব্রতায় ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বিদ্যালয় বন্ধের উদ্যোগ নিতে বিলম্ব হয়েছে।



