ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যা শহরে জনপ্রিয় হিন্দু দেবতা রামকে উৎসর্গ করে নির্মিত একটি বিশাল মন্দির উদ্বোধন করেছেন। মন্দিরটি ১৬ শতকের ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মাণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) উদ্বোধনে মন্দিরটির শুধু নিচ তলা খোলা হবে। বাকি অংশের কাজ এই বছরের শেষের দিকে সম্পূর্ণ হবে বলে জানা গেছে। ভারতীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাম মন্দিরটি ৭০ একর মূল জমির ৭ দশমিক ২ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে। নতুন তিন তলা কাঠামো বিশিষ্ট মন্দিরটি গোলাপী বেলেপাথর এবং কালো গ্রানাইট দিয়ে তৈরি করতে ২১৭ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। মন্দিরে ৪ দশমিক ২৫ ফুট উচ্চতার একটি মূর্তির অভিষেক করা হয়েছে যা কটি মার্বেল পিঁড়িতে বসানো হয়েছে।


নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠানে ভারতসহ ভিনিন্ন দেশের আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন যার মধ্যে বলিউড, দক্ষিণী চলচ্চিত্র শিল্পী এবং তারকা ক্রিকেটারদেরও দেখা গেছে।

ছোট শহরে ভিড় এড়াতে নরেন্দ্র মোদি তীর্থযাত্রীদের কাছে অযোধ্যায় বেশি সংখ্যায় না এসে টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি দেখার আহ্বান জানিয়েছেন। সমস্ত বিজেপি-শাসিত রাজ্যগুলো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
১৯৯২ সালে সনাতন ধর্মাবলম্বীদের হাতে ধ্বংস হয় বাবরি মসজিদ। ফলে সারা ভারতব্যাপী দাঙ্গা শুরু হয় যাতে প্রায় ২ হাজার মানুষ মারা যায়। সনাতন ধর্মাবলম্বীদের ধারণা ছিল, অযোধ্যায় যেই স্থানে ভগবান রামের জন্ম হয়েছিল ঠিক সেখানেই বারবি মসজিদের অবস্থান ছিল যা মূলত বিরোধ সৃষ্টি করে।
সেই মসজিদের স্থানে মন্দির নির্মাণের অঙ্গীকার ১৯৯০ সালে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে রাজনৈতিক সমর্থন অর্জনে সহায়তা করে। কিছু সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, আসছে প্রধানমন্ত্রী নির্বাচনে এই মন্দির নির্মাণ বিষয়টিকে রাজনৈতিক লাভে ব্যবহার করবেন নরেন্দ্র মোদি।
২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে মন্দিরের জন্য বিতর্কিত জমিটি দেয়। পরবর্তীতে মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদ নির্মাণের জন্য একটি বিকল্প প্লট দেয়ার অনুরোধ করার পর মন্দিরের নির্মাণ শুরু হয়।





