সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কারাবন্দী নেতাদের তালিকা তুলে ধরেন রিজভী। তিনি দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা ‘মিথ্যা-বানোয়াট’ মামলা প্রত্যাহার করে তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
রিজভী বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে, ভোটের অধিকার আদায়ে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় আছে।
রিজভী আরও বলেন, দুই দিন আগে পত্রিকায় দেখেছেন, ‘ডামি সরকারের’ পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে নাকি তাঁর দেশের সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা আংশিক সত্য। সম্পর্ক গভীর হয়েছে, তবে তা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে। ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও ভোটের অধিকার হারিয়েছে।



