এলএনজি সরবরাহে বিঘ্ন লোডশেডিংয়ের আশঙ্কা – DesheBideshe

এলএনজি সরবরাহে বিঘ্ন লোডশেডিংয়ের আশঙ্কা – DesheBideshe

এলএনজি সরবরাহে বিঘ্ন লোডশেডিংয়ের আশঙ্কা – DesheBideshe

ঢাকা, ২০ জানুয়ারি – কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রক্ষণাবেক্ষণ শেষে আনা মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সময়মতো চালু করতে না পারায় শুক্রবার (১৯ জানুয়ারি) দেশের পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ ছয় জেলায় গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটে। বিতরণ কোম্পানির আগাম বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ বিপর্যয়ে বাসাবাড়ির গ্রাহকরা দুর্ভোগে পড়েন। গ্যাস ভিত্তিক শিল্পকারখানার উৎপাদনও বিঘ্নিত হয় অনেকটা।

ছয় জেলার মধ্যে রয়েছে কর্ণফুলী বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) আওতাধীন চট্টগ্রাম, বাখরাবাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এবং তিতাসের নারায়ণগঞ্জ। জাতীয় গ্রিডে সরবরাহ করা এলএনজির বড় অংশ এসব জেলায় সরবরাহ করা হয়ে থাকে৷

তবে সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে, সমস্যার সমাধানে দ্রুত কাজ চলছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪

Scroll to Top