চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে হালদায় বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থলে এক ব্যক্তিকে জরিমানার পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে সুয়াবিল ইউনিয়নের পাটিয়ালছড়ি ও নাইচ্ছারঘাট হালদাপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
তিনি জানান, অভিযানে গিয়ে দেখা যায় মেশিনের সাহায্যে হালদা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় মো. শহিদুল আলম মানিক নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করে তৎক্ষণাত আদায় করা হয়।
এছাড়া উভয় স্থান থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের হোস পাইপ, মেশিনসহ বেশকিছু সরঞ্জাম ও উত্তোলিত বালু পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


