টি-টোয়েন্টির কারণে টেস্টে নেতিবাচক প্রভাব পড়ার সর্বশেষ উদাহরণ দক্ষিণ আফ্রিকা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে মূল খেলোয়াড়েরা খেলবেন বলে দক্ষিণ আফ্রিকা অনভিজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ডে। যে দলের সাতজনেরই এখনো অভিষেক হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ যেটির সমালোচনা করতে গিয়ে এটি টেস্ট ক্রিকেটের মৃত্যুর মুহূর্ত নির্ধারণী কি না, প্রশ্নও তুলেছেন।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১ টেস্ট খেলা লারা দক্ষিণ আফ্রিকার প্রসঙ্গটি টেনে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই নিজেদের সেরা দল গঠন করতে চায়। দক্ষিণ আফ্রিকা যা করেছে, তাদের নিজস্ব একটা কারণ আছে। কিন্তু আমি যখন দলটার দিকে তাকাই, একজনও নেই যাকে আমি চিনি। এখন তিন সংস্করণ একসঙ্গে চালাতে গিয়ে সূচি খুব ঠাসা হয়ে গেছে।’
টেস্ট ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়ও ছড়ানো দরকার মন্তব্য করে লারা বলেন, ‘আমার মতো মানুষ যে কিনা টেস্ট খেলেছে, যে খেলাটার জন্য আমার ভালোবাসা আছে, আমি সেই খেলাটার মরণ দেখতে চাই না। আমি আশা করি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ত্রিভুজের বাইরে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়ও টেস্টের গুরুত্ব ফিরে আসুক।’



