বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ পড়ুয়া এক তরুণী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুর ২ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া ২নং আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নিতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভীড় জমায় উৎসুক জনতা।

অনশনকৃত তরুণী জানান, প্রায় ৩ বছর আগে পটুয়াখালী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ওই তরুণীর সঙ্গে একই কলেজের অনার্স পড়ুয়া কলাপাড়ার মহল্লাপাড়া গ্রামের রাব্বির প্রেম হয়। গত বছর তারা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন একসাথে থাকেন।

তিনি বলেন, রাব্বী আমাকে কোনো দিনই তার বাড়িতে নিয়ে যায়নি। আমিও অনেক যোগাযোগের চেষ্টা করেও রাব্বিকে পাইনি। কয়েকদিন পর রাব্বি আমার সঙ্গে যোগাযোগ করে। গত ২১ ডিসেম্বর কুয়াকাটার একটি হোটেলে কাজী ডেকে আবারও কাবিন করেন রাব্বি। আর সেদিন রাতে বাড়িতে না নিয়ে কলাপাড়ার কালভার্ট এলাকায় একটি বাসায় নিয়ে রাত্রি যাপন করে সকালে ফের লাপাত্তা হয়ে যান তিনি। এরপর থেকে আর কোন যোগাযোগ করেনি রাব্বি। শেষে কোনো উপায় না পেয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে অনেশন শুরু করেছি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে রাব্বির বাড়িতে যাওয়ার পর রাব্বির মা তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন ওই তরুণী।

রাব্বিকে বাড়িতে খুঁজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বিয়ের কথা অস্বীকার করে বলেন, আমার ছেলেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গিয়ে ওই মেয়েটার সঙ্গে কুয়াকাটায় বিয়ে দিয়েছে। আমরা মামলা করেছি। এছাড়া, ওই মেয়ের বেশকিছু আপত্তিকর ভিডিও রয়েছে আমার কাছে। আমার ছেলে ওই মেয়ের সঙ্গে কোনোদিনও ভাড়া বাসা নিয়ে থাকেনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top