সিনেমার মতো জীবনেও দিন শেষে সব ঠিক হয়ে যায়: শাহরুখ

সিনেমার মতো জীবনেও দিন শেষে সব ঠিক হয়ে যায়: শাহরুখ

পুরস্কার পাওয়ার পর বক্তৃতায় সাধারণত ধন্যবাদের ফিরিস্তি তুলে ধরাই নিয়ম। কিন্তু আজ আর আমি ধন্যবাদ পর্বে যাব না, দুটি কারণে। প্রথমত, অনেক দিন পর একটা পুরস্কার পেলাম। ধরেই নিয়েছিলাম, আমার জন্য বোধ হয় আজীবন সম্মাননা ছাড়া আর কিছু বরাদ্দ নেই। দ্বিতীয়ত, এ বছর আমি তিনটি ছবিতে তুমুল সাফল্য পেয়েছি, সুপার-ডুপার হিট হয়েছে। এই সাফল্যের পেছনে কাজ করেছেন হাজারো মানুষ। তাঁদের সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য দুই মিনিট যথেষ্ট সময় নয়। অতএব, এই পুরস্কার আমি কারও সঙ্গে ভাগাভাগি করতে যাচ্ছি না। পুরোটা আমার। জওয়ান ছবিতে বিক্রম রাঠোর যেমনটা বলেছিল, ‘আই অ্যাম হাংরি (আমি ক্ষুধার্ত)’। (হাসি)

১৪০ কোটি মানুষকে ৩৩ বছরের বেশি সময় ধরে বিনোদন দিতে হলে আসলে সব সময় ক্ষুধার্তই থাকতে হয়। আমি ভীষণ কর্মতৎপর আর আবেগপ্রবণ। যখন একটা ছবি সাইন করি, গল্প শুনেই ‘হ্যাঁ’ বলে দিই। বক্স অফিসে সাফল্য পাব কি না, এই চরিত্র আমার সঙ্গে যায় কি না, অতশত ভাবি না। আধুনিক সময়ের একজন অভিনেতাকে হতে হয় ভবিষ্যদ্বাদী। আমিও ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকি। অপেক্ষায় থাকি, ভবিষ্যৎ থেকে কেউ এসে আমাকে বলবে, ‘ভাই রে, তুমি কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিলে।’ দুঃখজনকভাবে বেশির ভাগ সময়ই দেখা যায়, ভবিষ্যৎ থেকে কেউ আর আসে না। ফলে পরদিন সকালে উঠে আমাকে সেই সিনেমায় কাজ শুরু করতে হয়।

Scroll to Top