ম্যাচশেষের বাঁশি বাজার পর পেপ গার্দিওলা মাঠে নেমে হাতের কাছে যাকে পেলেন, তাঁকেই পিঠ চাপড়ে, হাতে হাত মিলিয়ে অভিনন্দন জানালেন। যখন কেভিন ডি ব্রুইনার কাছাকাছি গেলেন, ম্যানচেস্টার সিটি কোচ যেন ‘আকাশের চাঁদ’ হাতে পেলেন। পিঠ চাপড়ে দিয়ে, বুকে জড়িয়ে, চুলে হাত বুলিয়েও যেন সন্তুষ্ট হতে পারছিলেন না। সঙ্গে রেখে বেশ সময় নিয়েই অভিনন্দন জানালেন বেলজিয়ান তারকাকে।
এর আগের আধা ঘণ্টায় ডি ব্রুইনা যা করেছেন, তাতে কোচের কাছ থেকে এমনভাবে বরণ হওয়ার কথা। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি যখন নিউক্যাসলের রক্ষণ ভেদ করতে পারছিল না, তখন ডি ব্রুইনাই বদলি মাঠে নেমে এক গোল করে সমতা আনলেন, আরেক গোলে করলেন সহায়তা। তাতে বেশ খানিকটা সময় ম্যাচে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি নিউক্যাসলকে হারিয়েছে ৩-২ গোলে।



