
ঢাকা, ১৩ জানুয়ারি – ২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে আনা রিটের ওপর রোববার (১৪ জানুয়ারি) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া শনিবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। এ আইনজীবী বলেন, বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন তিনি। ২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে জারি করা রুলের ওপর গত ১১ ডিসেম্বর চূড়ান্ত শুনানি শেষে ১৪ জানুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।
রিটে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ জানুয়ারি ২০২৪





