সম্পত্তি নিয়ে ঝগড়া বেধে ইট দিয়ে থেঁতলে বাবাকে খুনের পর লাশ গায়েবের চেষ্টা করেছিল দুই ছেলে। পরে রাস্তায় নড়ে উঠে লাশ এবং স্থানীয়রা দেখে ফেলায় লাশ ফেলে পালালেন দুজন। শনিবার (১৩ জানুয়ারি) ভারতের হুগলির বলাগড়ের বেহুলা এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
মৃতের নাম মদন ঘোষ (৬৮)। অভিযুক্ত দুই ছেলেন হলেন, মন্টু ও সন্টু ঘোষ। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
স্থানীয়রা জানান, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হত দুই ছেলের। বৃদ্ধের জায়গা-জমি যা ছিল, তার অর্ধেক দুই ছেলেকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু বাকি সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝগড়া চলত।
এক প্রতিবেশী জানায়, ‘দুই ছেলেরই দোতলা বাড়ি। তবে বাবার ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ত। ছাউনির জন্য ছেলেকে টিন কিনে দিতে বলেছিলেন বৃদ্ধ। তাই নিয়ে আজ (শনিবার) সকাল থেকে ঝগড়া শুরু হয়ে যায় ওই বাড়িতে।


স্থানীয়রা জানান, ছেলেদের ওপর রাগারাগি করে গালমন্দ করছিলেন বাবা মদন ঘোষ। তখনই এক ছেলে বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে বৃদ্ধ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। মৃত ভেবে বাবাকে ভ্যানে করে গঙ্গার নদীর ঘাটের দিকে নিয়ে যাচ্ছিলেন দুই ছেলে। তার মধ্যেই জ্ঞান ফেরে বৃদ্ধের। তখনই মাঝ রাস্তায় ভ্যান ফেলে দুই ছেলে পালিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধকে বলাগড় ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই প্রাণ হারান তিনি। পরে তার লাশ ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মদন ঘোষের ছোট পুত্রবধু রূপা ঘোষ বলেন, ‘আমি রান্না করছিলাম। টিন নিয়ে বাবার সঙ্গে স্বামী আর ভাসুরের ঝগড়া চলছিল। তারপর কী হল জানি না। ভ্যানে বাবাকে চাপিয়ে নিয়ে বলল, ‘হাসপাতালে যাচ্ছি’। আর কিছু জানি না।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।






