গ্যাব্রিয়েল আটালকে ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর ফলে ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল হলেন ফ্রান্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। এর আগে ১৯৮৪ সালে লরেন্ট ফ্যাবিয়াস ৩৭ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েল আটাল, এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। এলিজাবেথ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ২০ মাস পর সংসদে সংখ্যাগরিষ্ঠতার অভাবে গতকাল সোমবার ৮ জানুয়ারি পদত্যাগ করেন।
আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকবে গ্যাব্রিয়েলের। ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আটালের উত্থানটি খুব একটা বেশি দিনের নয়। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।
গ্যাব্রিয়েল আটাল ২০১৭ সালের সংসদ সদস্য নির্বাচিত হন। বিতার্কিক গুণের কারণে ম্যাক্রোর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। ২০২০ সাল থেকে তিনি ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন। তিনি স্বল্প সময়ের জন্য দেশটির বাজেট মন্ত্রী ছিলেন এবং গত বছরের জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।


গ্যাব্রিয়েল আটাল ফ্রান্সের ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে হোটেল ম্যাটিগনোনের (প্রধানমন্ত্রীর দপ্তর) দায়িত্ব গ্রহণ করবেন।





