স্বতন্ত্রদের অবস্থান দেখে পরিষ্কার হবে বিরোধী দল কারা হবে: আইনমন্ত্রী

স্বতন্ত্রদের অবস্থান দেখে পরিষ্কার হবে বিরোধী দল কারা হবে: আইনমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা কাল বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু এবারের সংসদের বিরোধী দল কারা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্র যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা তাঁদের অবস্থান কীভাবে রাখবেন, তা ঠিক হওয়ার পরই বিরোধী দল কারা হবে, সেটি দেখা যাবে। এ জন্য অপেক্ষা করতে হবে। তাঁরা (স্বতন্ত্র) কতজন কোথায় থাকতে যাচ্ছেন, কতজন স্বতন্ত্র থাকতে যাচ্ছেন—এই বিষয়গুলো যখন পরিষ্কার হবে, তখনই বোঝা যাবে, কারা বিরোধী দল হবে।

কাল নতুন সংসদ সদস্যদের শপথের পর স্বতন্ত্র সদস্যদের অবস্থান কী হবে, সেটি তাঁরা (স্বতন্ত্র) জানাবেন বলে মনে করেন আইনমন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাঁরা (স্বতন্ত্র) আওয়ামী লীগের। কিন্তু যখন তাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখন তাঁরা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হননি। তাঁরা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতীকও ছিল ভিন্ন। নৌকা প্রতীকে যাঁরা নির্বাচিত হয়েছেন, শুধু তাঁরাই আওয়ামী লীগের প্রার্থী। সে ক্ষেত্রে তাঁরা (স্বতন্ত্র) আওয়ামী লীগের, এটা মুখের কথা হতে পারে; কিন্তু আইনের কথা, বাস্তবতার কথা তা নয়। তাঁরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। তাঁরা যদি মনে করেন, স্বতন্ত্র হিসেবেই থাকবেন, তখন দেখা হবে, কতজন স্বতন্ত্র হিসেবে থাকলেন। যদি দেখা যায়, তাঁরা একটি মোর্চা করবেন, তখন বিরোধী দল কারা হবে, সেটি পরিষ্কার হবে।

Scroll to Top