কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ আ.লীগের ৩ স্বতন্ত্রের

কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ আ.লীগের ৩ স্বতন্ত্রের

চট্টগ্রাম প্রেসক্লাবে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন বলেন, চট্টগ্রাম-১ আসনে প্রহসনের নির্বাচন হয়েছে। তিনি বলেন, ‘বাবার প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে নৌকার প্রার্থী ভোটের দিন পুরো উপজেলায় ত্রাস সৃষ্টি করেন। ৬০ থেকে ৭০টি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়।’

এ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেনের ছেলে। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন বলেন, ‘মিরসরাইয়ের জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। নৌকার প্রার্থীর পক্ষে সমর্থকেরা কেন্দ্র দখল করে সিল মেরেছে। আমার এজেন্টদের বের করে দিয়েছে। আমি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫২ হাজার ভোট পেয়েছি। যদি বিকেল চারটা পর্যন্ত ভোটারদের কেন্দ্রে যেতে দিত, তাহলে ঈগল প্রতীকের জয় হতো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈগল প্রতীকের প্রধান নির্বাচন সমন্বয়কারী কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদসহ আওয়ামী লীগের নেতারা।

জানতে চাইলে মাহবুব উর রহমান প্রথম আলোকে বলেন, প্রথম থেকেই গিয়াস উদ্দিন অভিযোগ করে এসেছেন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের অনেকে স্বেচ্ছায় চলে যান। প্রিসাইডিং কর্মকর্তা এবং অন্যরা তাঁদের থাকার অনুরোধ করেছিলেন। এখনো ভিত্তিহীন অভিযোগ করছেন তিনি।

Scroll to Top