প্রচলিত ট্যাবু ভাঙার উপন্যাস

প্রচলিত ট্যাবু ভাঙার উপন্যাস

উপন্যাসটি একটি বিশেষ সময়ের পটভূমিতে কতিপয় বিশেষ ঘটনাকে অবলম্বন করে রচনা করেছেন কথাশিল্পী মোহিত কামাল। পরিচিত জগৎ ও জীবনকে অতিক্রম করে তিনি এক সুদূর মায়ারাজ্যের সন্ধান এনে দিয়েছেন চরিত্রগুলোর চিন্তার জগতে পরিবর্তন ঘটানোর মধ্য দিয়ে। যা বিশেষ মুহূর্ত, বিশেষ কাল, বিশেষ সামাজিক গণ্ডিকে ছাড়িয়ে সাহিত্যের সব কালের, সব যুগের চিরন্তন মানবহৃদয়ের কাহিনিকে প্রতিভাত করে তোলে।

বিভিন্ন সময় নারীরা ধর্ষণের শিকার হয়েছেন ও হচ্ছেন। ভোগ করছেন নিপীড়ন-নির্যাতন। সমাজ তাঁদের যে খুব সহজে গ্রহণ করছে, তা–ও কিন্তু নয়। ‘নারী’ ও ‘নিরাপত্তা’ শব্দ দুটি যেন আমাদের সমাজে ক্রমেই বিপরীতমুখী শব্দ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে; যেন নারীর নিরাপত্তার বিষয়টি সমাজের কাছে বেশ অপাঙ্​ক্তেয়। নিষ্ঠুর নিয়তি আর মানুষের অজ্ঞতা, হিংস্রতা ও কুসংস্কার আঘাতে আঘাতে তাঁদের করছে রক্তাক্ত। প্রত্যেক নারীকেই বিবেকবর্জিত, পচনশীল সমাজে যুদ্ধ করে বাঁচতে হয়। কিন্তু এই দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত মনস্তাত্ত্বিক ও সামাজিক অবস্থান থেকে লেখা হয়েছে উপন্যাসটির আখ্যান। লেখকের চরিত্রগুলো চেয়েছে, এ ধরনের নারীদের যেন আমরা আনন্দের সঙ্গে সমাজে গ্রহণ করি। ধর্ষিত নারীদের নিয়ে সমাজে একটা ট্যাবু প্রচলিত আছে। লেখক সেটা ভাঙতেই ধর্ষণের শিকার চরিত্রটিকে উপস্থাপন করেছেন। মোহিত কামাল তাঁর লেখার প্রচলিত ধরনের বাইরে গিয়ে উপন্যাসটির আখ্যান সাজিয়েছেন। কখনো ফর্ম ভেঙেছেন, কখনো রক্ষাও করেছেন ফর্মের বিন্যাস।

Scroll to Top