‘এক দফা’র আন্দোলন থেকে সরছে না বিএনপি

‘এক দফা’র আন্দোলন থেকে সরছে না বিএনপি

ভোটের পরেও আন্দোলন-কর্মসূচিতে থাকছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভোটের পর দলটি সরকার পতনের ‘এক দফা’ দাবি জোরদার করার লক্ষ্য ঠিক করেছে। তাই আন্দোলনে বিরতি না দিয়ে আগামী মঙ্গলবার থেকে দলটি নতুন কর্মসূচি শুরু করবে। আজ রোববার জাতীয় সংসদ নির্বাচনের ভোট ঘিরে দেওয়া ৪৮ ঘণ্টার হরতাল আগামীকাল সোমবার সকালে শেষ হচ্ছে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের পতন এবং দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দলের নীতিনির্ধারণী নেতারা একমত হয়েছেন যে এবার আন্দোলন-কর্মসূচিতে বিরতি দেওয়া যাবে না। তবে ভোটের পর নতুন প্রেক্ষাপটে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেটি এখনো ঠিক হয়নি। গত দুই দিনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নীতিনির্ধারণী নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা পরবর্তী আন্দোলনের ধরন নিয়েও ভাবছেন।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান গত রাতে প্রথম আলোকে বলেন, ভোটের পর কী কর্মসূচি হবে, তার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে। বিএনপি জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আছে। এ অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে নিয়মতান্ত্রিক সংগ্রাম করে যাবে।

Scroll to Top