জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে সেঞ্চুরিয়নের পিচ আরও পেসবান্ধব। তাতে বাংলাদেশের একাদশে একজন বাড়তি পেসার কি দেখা যাবে? নাকি আগের টেস্টের মতো সাত ব্যাটার, তিন পেসার নিয়েই একাদশ সাজাবেন সফরকারীরা। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানালেন, এই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন। পিচ দেখে তারপর একাদশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেছেন সিমন্স।
সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মাঠে উপমহাদেশের অপর দুই দল ভারত ও পাকিস্তান চার পেসার নিয়ে খেলেছে। সিমন্স অবশ্য বললেন, অন্য দলের দেখে অনুপ্রেরণা নিয়ে একাদশ সাজাবেন না, বাংলাদেশ একাদশ সাজাবে ভারসাম্য অনুযায়ী।
সিমন্স বলেন, ‘হ্যাঁ, এখানে অন্য দল চার পেসার নিয়ে খেলেছে। তাদের দলটা সেভাবেই গড়া ছিল। ওই ভারসাম্য তাদের কাজে এসেছে। কাল যে টেস্ট শুরু হচ্ছে, সেখানে কোন ভারসাম্যটা বাংলাদেশ দলের কাজে আসবে, আমাদের সেটাই দেখতে হবে।’
উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বললেও সিমন্স এটাও জানালেন, এখনো উইকেটই ঠিকমতো দেখতে পারেননি, ‘গতকাল একটু দেখেছি। আমরা যখন এসেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল। নেটে যাওয়ার আগে অল্প সময়ের জন্য কভার সরানো হয়েছিল। আজ ভালো করে দেখব।’
সম্প্রতি সময়ে বাংলাদেশ দলের সেরা বোলার হাসান মাহমুদ। বিশেষ করে টেস্টে উইকেট নিচ্ছিলেন মুড়িমুড়কির মতো। ইনজুরির কারণে সেই হাসানকে সেঞ্চুরিয়ান টেস্টে পাচ্ছে না বাংলাদেশ। সিমন্স বললেন, এখন সময় বাকিদের দায়িত্ব নিয়ে তার শূন্যতা পূরন করা।
বাংলাদেশ কোচ বলেন, ‘হাসানকে পাচ্ছি না। তবে এখানে আমাদের আরও চারজন ফাস্ট বোলার আছে। কাউকে তো ওর দায়িত্বটা নিতে হবে।’
জোহানেসবার্গে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে পঞ্চম দিনে গিয়ে শেষ হওয়া ওই ম্যাচে বাংলাদেশ লড়াই করেছিল চতুর্থ দিন পর্যন্ত। প্রথম ইনিংসে চারশ রান তুলেছিলেন বাংলাদেশি ব্যাটাররা। বল হাতেও একটা সময় স্বাগতিকদের চাপে রেখেছিল বাংলাদেশ। লড়াই করতে পারার সেই আত্মবিশ্বাস সেঞ্চুরিয়ানে কাজে লাগাতে চায় সফরকারীরা।
সিমন্স বলেন, ‘বিদেশের মাটিতে এটাও কঠিন একটা ম্যাচ হবে। তবে আমরা দেখিয়েছি, আমরা লড়াই করতে পারি। এই ম্যাচে বোলিংটা ঠিকঠাক হতে হবে, আর ব্যাটিংয়ের ধারাটা ধরে রাখতে হবে।’




