
ঢাকা,২০ নভেম্বর-রাজধানীর মিরপুরে একটি ছয়তলা ভবনের নিচতলায় থাকা কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ বাসিন্দা। তাদের শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে মিরপুরের প্যারিদাস রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন মঈন (১৫), তার প্রতিবন্ধী বোন ফাতেমা (৯), ফাতেমা (৩০), নাদিরা (৩০) ও ময়না (৩৫)।
মঈনের বাবা সুলতান মিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের নিচতলার একটি কক্ষে থান কাপড় রাখা ছিল। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। আগুন লাগার পর আহতরা দ্বিতীয় তলা থেকে নিচে নামতে পারেননি। পরে তাদের ওপরের দিকে তুলে পাশের ভবন দিয়ে নিচে নামানো হয়।
তিনি বলেন, ‘আমার মেয়েটা প্রতিবন্ধী, তাকে বের করতে কষ্ট হয়েছিল। বের করতে দেরি হওয়ায় ছেলে-মেয়ে দুজনই দগ্ধ হয়েছে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, পাঁচজনেরই শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছেন। পাশাপাশি তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬





