বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৫০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম – DesheBideshe

বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৫০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম – DesheBideshe


বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৫০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম – DesheBideshe
রাজধানীর বাজার

ঢাকা,২০ নভেম্বর-বৃহস্পতিবার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডিম ও মুরগির দাম কমেছে।

শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে শীতকালীন ও গ্রীষ্মকালীন সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল। মুলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা। লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। বড় আকারের ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ক্রেতারা জানান, গত সপ্তাহে যে টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে কিনেছেন, আজ সেটি কিনতে হচ্ছে ১৬০ টাকায়। একইভাবে শিমের দামও প্রায় দ্বিগুণ হয়েছে।

তালতলা বাজারে বাজার করতে আসা শওকত ওসমান শাওন বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। এ সময়ে দাম কমার কথা থাকলেও উল্টো বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

শেওড়াপাড়ার সবজি বিক্রেতা শাজাহান মিয়া জানান, গতকাল থেকে টানা ঝিরঝির বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। তিনি বলেন, বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় সবজির দাম বেড়েছে। তবে আগামী সপ্তাহে দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাজারগুলোতে পটল, ঢেঁড়শ ও চিচিঙ্গা কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, জলপাই ৫০ থেকে ৬০ টাকা এবং ভারতীয় গাজর ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁপের দাম কেজিতে ২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, খিরাই ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়। দেশি ধনেপাতা কেজি ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে আরও দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সোনালি কক মুরগি ৩১০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩০০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে প্রতি আঁটি লাল শাক ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, দুই আঁটি কলমি শাক ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, দুই আঁটি পালং শাক ৪০ টাকা এবং দুই আঁটি ডাঁটা শাক ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। চাষের শিং মাছ আকারভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম বেড়ে আকারভেদে ৩৫০ থেকে ৫৫০ টাকা হয়েছে। দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৪০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কৈ মাছ ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ডিমের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বর্তমানে প্রতি ডজন লাল মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা, দেশি মুরগির ডিম প্রতি হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম প্রতি হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬

Scroll to Top