দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের – Sarabangla

দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের – Sarabangla

রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা হল প্রত্যাশিতই। নিজেদের প্রথম ম্যাচে হংকং জাতীয় দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আগে বোলিং করতে নেমে হংকংকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ ‘এ’ দল। পরে অধিনায়ক সাইফ হাসান ও ইয়াছির আলি রাব্বির দারুণ দুই ফিফটিতে নিশ্চিত হয়েছে সহজ জয়।

কাতারের দোহায় শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আট দল নিয়ে এবার ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে রাইজিং স্টারস এশিয়া কাপ। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও শ্রীলংকার ‘এ’ দল অংশ নিচ্ছে এতে। সঙ্গে হংকং ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল খেলছে এই টুর্নামেন্টে।

জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বেশ শক্ত দলই পাঠিয়েছে বাংলাদেশ। তার সুফল এলো প্রথম ম্যাচে। প্রথম ম্যাচে হংকং জাতীয় দল সেভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে।

আগে বোলিং করে হংকংকে ২১৯ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরেছেন দলীয় ২৩ রানে ব্যক্তিগত ১২ রান করে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৪ রান তুলে সেই ধাক্কা কাটিয়ে তোলেন সাইফ হাসান ও শাহাদত হোসেন দিপু। দিপুর ইনিংসটা অবশ্য খুব বড় হয়নি। ফিরেছেন ৫৯ বলে ৪৩ রান করে।

এরপর আর উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে জুটি বেঁধে ম্যাচ শেষ করে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি। দুজন ব্যাটিং করেছেন দু’রকম করে। সাইফ দেখেশুনে ইনিংস মেরামত করে রান তোলার দিকে মনোযোগ দিয়েছেন। অপর দিকে ইয়াসির আলি শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ৯ ওভার বাকি থাকতেই যখন বাংলাদেশের জয় নিশ্চিত হলো তখন অপরাজিত মাত্র ৫১ বলে ৭১ রান করে। ডানহাতি ব্যাটারের ইনিংসে চার ৩টি আর ছক্কা ৫টি। সাইফ হাসান অপরাজিত ছিলেন ১১৬ বল খেলে ৪টি চার ১টি ছয়ে ৮৬ রান করে।

এর আগে বোলিংয়ে শুরু থেকেই হংকংকে চাপে ফেলে বাংলাদেশ। ৫২ রানেই প্রতিপক্ষের তিন উইকেট তুলে নেন টাইগাররা। সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে ১২৮ রান তুলে বলার মতো একটা স্কোর গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান। তাদের জুটিতেই দুইশ পার করে ফেলে হংকং। কিন্তু এই দুজন বাদে বাকিদের কেউই আর দাঁড়াতে পারেনি বাংলাদেশি বোলিংয়ের সামনে।

৮৬ বলে ৭৭ রান করে অংশুমান। ১০৮ বলে ৬৭ রান করেন আইজাজ খান। হংকংকে অবশ্য অলআউট করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে হংকং থেমেছে ২১৯ রানে। বাংলাদেশের সফল বোলার পেসার ইকবাল হোসেন। ৯ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।

Scroll to Top