
ছবি: সংগৃহীত।
ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় দেশের সব নারীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জোবাইদা রহমান বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। এজন্য রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে হবে। কোনো রোগী যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন, সেটি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। অথচ পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে অনেক নারী নিজেদের স্বাস্থ্যসেবা অবহেলা করেন। এ পরিস্থিতি পরিবর্তনে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।
নারীদের জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং শহর ও গ্রামের সব পর্যায়ে ক্যান্সার স্ক্রিনিংয়ের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
ডা. জোবাইদা বলেন, স্বাস্থ্যসেবা শুধু বিশেষায়িত হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
ক্যান্সার চিকিৎসা সবার জন্য সহজলভ্য করতে সরকার, চিকিৎসক, ক্যান্সারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দুই দিনব্যাপী এ কংগ্রেসে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী ও গবেষক অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন শুক্রবার (২০ নভেম্বর) শেষ হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



