সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিএআর – DesheBideshe

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিএআর – DesheBideshe


সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিএআর – DesheBideshe
ভিএআর

ঢাকা,১৪ নভেম্বর-দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।

তবে বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হলেও ভিএআর কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে। রিমোট ভিএআর পদ্ধতিতে পরিচালিত এই কার্যক্রমে মাঠের রেফারিদের সহায়তা করবেন প্রশিক্ষিত ও ফিফা স্বীকৃত ভিডিও ম্যাচ কর্মকর্তারা।

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী, আজ শনিবার অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম ম্যাচে বেলা ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সাফের শেষ তিনটি ম্যাচেই প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিএআর প্রযুক্তি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ এশীয় ফুটবল কনফেডারেশনের (সাফ) সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। প্রযুক্তিগত দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় ভিএআর সেবা দেওয়া এই প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে।

রিমোট ভিএআর পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ চলার সময় মাঠের ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও চিত্র পাঠানো হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশনস হাবে। সেখানে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা। মাঠের রেফারির কোনো সিদ্ধান্তে গুরুতর ভুলের আশঙ্কা দেখা দিলে অথবা নিয়ম অনুযায়ী পর্যালোচনার প্রয়োজন হয় এমন কোনো ঘটনা ঘটলে তাঁরা ভিডিও ফুটেজ পরীক্ষা করবেন। এরপর তাঁদের পর্যবেক্ষণ ও সুপারিশ সরাসরি ঢাকায় থাকা ম্যাচ কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। প্রয়োজন অনুযায়ী মাঠের রেফারি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন।

পুরো প্রক্রিয়া পরিচালিত হবে আন্তর্জাতিক ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুযায়ী। এই ব্যবস্থার ফলে প্রযুক্তি ব্যবহারের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামে পূর্ণাঙ্গ ভিডিও অপারেশন কেন্দ্র স্থাপনের প্রয়োজন হচ্ছে না। মাঠে সরাসরি ধারণ করা ভিডিও চিত্র দূরবর্তী নিয়ন্ত্রণকক্ষে পাঠিয়েই পর্যালোচনার কাজ সম্পন্ন করা হবে।

জাতীয় স্টেডিয়ামে প্রযুক্তিটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। ভিডিও চিত্র আদান-প্রদান, যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো সচল রাখতে কোয়ালিটির বিশেষজ্ঞরা স্টেডিয়ামে কাজ করছেন। এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনালের জন্য মনোনীত সব রেফারি এবং সহকারী রেফারিকে ভিএআর ব্যবহারের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের প্রয়োজনীয় সনদও রয়েছে বলে জানিয়েছে সাফ।

তবে ঢাকায় খেলা হলেও কেন ভিএআর পরিচালনার দায়িত্ব থাইল্যান্ডের হাতে, এমন প্রশ্নের জবাবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, ভিএআর পরিচালনার নিয়ন্ত্রণকেন্দ্র ম্যাচের আয়োজক দেশেই থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলেও এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। আসিয়ান ফুটবল ফেডারেশনের অধীনে ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারসহ বিভিন্ন দেশের ম্যাচের ভিএআর কার্যক্রম থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়। এমনকি ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডের দূরত্ব বাংলাদেশের তুলনায় বেশি হলেও ভৌগোলিক দূরত্ব এ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না।

পুরুষোত্তম ক্যাটেলের মতে, ভবিষ্যতে বাংলাদেশেও এ ধরনের কেন্দ্রীয় ভিএআর ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে। ঢাকায় একটি ভিএআর কেন্দ্র স্থাপন করা গেলে সেখান থেকে অন্য দেশের ম্যাচও পরিচালনা করা সম্ভব হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, করাচিতে কোনো ম্যাচ অনুষ্ঠিত হলেও ঢাকার ভিএআর কেন্দ্র থেকে সেটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। অর্থাৎ ম্যাচের ভেন্যু এবং ভিএআর পরিচালনার কেন্দ্র একই দেশে হওয়া জরুরি নয়।

সাফের সাধারণ সম্পাদক এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, আধুনিক ফুটবলে ভিএআর এখন অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও খেলাধুলার সততা বজায় রাখতে এই প্রযুক্তি ভূমিকা রাখবে। প্রতিযোগিতার পেশাদার মান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করেন তিনি।

এদিকে সাফে ভিএআর চালুর পেছনে রেফারিং নিয়ে সাম্প্রতিক অসন্তোষের বিষয়টিও আলোচনায় এসেছে। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ওই ম্যাচে ভিএআর প্রযুক্তি থাকলে ফলাফল ভিন্ন হতে পারত। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর সাফের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক আন্তর্জাতিক ফুটবলের রেফারিং মানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই টুর্নামেন্টের শেষ পর্যায়ে এই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Scroll to Top