সাফে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান – Sarabangla

সাফে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান – Sarabangla

আরেকটা সাফ শিরোপা জিতে দুই যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসানের স্বপ্ন ছিল বাংলাদেশের। দাপুটে গ্রুপ পর্ব পেরুনোর পর আজ সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল স্বাগতিকরা। সেমির লড়াইটা হামজা চৌধুরীরা লড়লেনও দাপুটে। ম্যাচের বলের পজিশন, টার্গেটে শট সব কিছুতেই বাংলাদেশ ছিল এগিয়ে। কিন্তু কাঙ্খিত গোলটাই কেবল হলো না। অপর দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের ভুলে ম্যাচের শেষভাগে গোল পেয়ে যায় পাকিস্তান। সেই গোলই সাফে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে।

সেমিফাইনালের লড়াইয়ে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অপর দিকে রোমাঞ্চকর জয় পেয়ে সাফের ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। গত ম্যাচে হামজা চৌধুরী, ফারহান আলী, রাকিব হোসেন, শোমিত শোমরা যেমন দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছিলেন তাতে টিকিটের জন্যই হাহাকার পরে গিয়েছিল। কিন্তু পাকিস্তান শুরু থেকেই জমাট রক্ষণ নিয়ে খেললে সেই রক্ষণটা আর ভাঙা হলো না।

ম্যাচজুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে শেষ দিকে তাঁর ভুল পাস থেকেই বল পেয়ে যান পাকিস্তানের আব্দুল সামাদ। ৮৫তম মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান পাকিস্তানি ফরোয়ার্ড। তাঁর সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের বিদায়।

শুরুতে বাংলাদেশকে চাপে রেখেছিল পাকিস্তান। প্রথম দুই মিনিটেই দুটি আক্রমণে স্বাগতিকদের রক্ষণ পরীক্ষা করে তারা। প্রথম মিনিটে শমিত সোমের ভুল পাস থেকে তৈরি হওয়া সুযোগে গোলের সম্ভাবনাও জাগে। তবে দ্রুত এগিয়ে এসে দারুণভাবে বল আটকে দেন শ্রাবণ।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহের শট লক্ষ্যে থাকলেও তা সহজেই সামাল দেন পাকিস্তানের গোলরক্ষক। এরপর বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা করেন হামজা চৌধুরী ও শমিত সোমরা। কিন্তু পাকিস্তানের শক্তিশালী রক্ষণভাগের সামনে খুব বেশি জায়গা তৈরি করতে পারেননি বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়েরা।

এরপরও প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। শমিতের হেড থেকে পাওয়া বলে জোরালো শট নেন রাকিব হোসেন। পাকিস্তানের গোলরক্ষকের হাতে লেগে বল চলে যায় পোস্টে। বারে লেগে ফিরে আসে বল। অল্পের জন্য গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।

পাকিস্তানও গোলের কাছাকাছি গিয়েছিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তারিক কাজীর মার্কিং এড়িয়ে ফাঁকা জায়গায় বল পেয়ে যান সামাদ। তাঁর নেওয়া শটও পোস্টে লেগে ফিরে আসে। দুই দলের এমন সুযোগ হাতছাড়া হওয়ার পর বিরতিতে যায় ম্যাচ, স্কোরলাইন তখন গোলশূন্য।

বিরতির পর আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। রাকিবের একটি শট পাকিস্তানের ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। পরে শুকি ইতোফুসার কাটব্যাক থেকে বিপজ্জনক জায়গায় বল পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল শমিতের সামনে। তবে তার আগেই বল ক্লিয়ার করেন পাকিস্তানের আব্দুল্লাহ।

গোলের সন্ধানে ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর আক্রমণভাগে পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। শুকি ইতোফুসাকে তুলে মোহাম্মদ ইব্রাহিমকে নামান তিনি। পাকিস্তানও আব্দুল্লাহর বদলে মাঠে পাঠায় নাজিবউল্লাহকে। কিছুক্ষণ পর রহমত মিয়ার জায়গায় রাইটব্যাক হিসেবে খেলতে নামেন বিশ্বনাথ ঘোষ।

পরিবর্তনের পরও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের একটি জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও পরে অফসাইডের পতাকা ওঠে তাঁর বিপক্ষে।

ম্যাচের শেষ দিকে বরং বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় পাকিস্তান। বক্সের ঠিক বাইরে হামজার ফাউলে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় তারা। সেখান থেকে নেওয়া শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। কিছুক্ষণ পর হামজার গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্সে আরেক দফা বিপদ কাটে বাংলাদেশের।

কিন্তু ৮৫তম মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি শ্রাবণ। তাঁর ভুল পাস থেকে বল পেয়ে সামাদ শট নেন। এবার আর প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের গোলরক্ষক। পাকিস্তানের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে যায় গ্যালারি।

গোল হজমের পর সমতা ফেরানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে পাকিস্তানের রক্ষণ ভেদ করে আর জালের দেখা পায়নি স্বাগতিকরা। এর মধ্যেই গ্যালারি থেকে মাঠে ফ্লেয়ার ছুড়ে মারেন কয়েকজন দর্শক। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়, যা একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি করে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আর সেমিফাইনাল থেকেই শেষ হয় বাংলাদেশের সাফ অভিযান।

Scroll to Top