টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড – Sarabangla

টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড – Sarabangla

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দাপট যেন থামছেই না। বয়স ৩৯ ছুঁইছুঁই, তবু মাঠের পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বার জিতেছেন গোল্ডেন বুট। সেই সঙ্গে একাধিক রেকর্ড গড়ে লিগের ইতিহাসের পাতায় নিজের নাম আরও শক্ত করেছেন মায়ামি অধিনায়ক।

এবারের মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে এবারের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি, ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন মেসি।

এবারের মৌসুমে ২৬ গোলের মধ্যে মাত্র একটি পেনাল্টি থেকে করেছেন মেসি। অর্থাৎ ২৫টি গোল করেছেন পেনাল্টি ছাড়াই। এমএলএসের এক মৌসুমে পেনাল্টি ছাড়া গোলের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষস্থানটিও মেসির দখলে। ২০২৫ সালে পেনাল্টি ছাড়া ২৮ গোল করেছিলেন তিনি।

টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তিও গড়েছেন মেসি। এমএলএসের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২০২৫ সালে ২৯ গোলের পর এবার করেছেন ২৬টি।

শুধু গোল করাতেই নয়, সতীর্থদের দিয়ে গোল করাতেও সমান কার্যকর ছিলেন মেসি। ২০২৬ মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদান ৪৩টি। প্রতি ম্যাচে গোলের হিসাবে লিগে সবার ওপরে মেসি। এক ম্যাচে একাধিক গোল করার দিক থেকেও যৌথভাবে শীর্ষে, এমন ম্যাচের সংখ্যা ছয়।

তিন মৌসুমের পরিসংখ্যানেও মেসির আধিপত্য স্পষ্ট। ২০২৪ থেকে ২০২৬—এই তিন মৌসুমে লিগে তাঁর গোল ৭৫টি, যা তিন মৌসুমের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করার কীর্তি আছে কেবল মেসি ও ডেনিস বোয়াঙ্গার।

গোলের পাশাপাশি গোল করানোতেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে মেসি। গত তিন মৌসুমে তাঁর গোল-অবদান ১২৭টি। একই সময়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের অবদান ৯৮। এই সময়ে লিগে মেসির অবদান অন্যদের তুলনায় কতটা বেশি, তা বোঝা যায় এই পরিসংখ্যানেই।

Scroll to Top