লক্ষ্য আরও বড়
নাচ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে তেমন পদচারণ ছিল না বলে জানালেন পূজা। কথায় কথায় ভাগাভাগি করে নিলেন ২০১৪ সালের একটি ঘটনাও। তিনি বললেন, ‘ব্যাংককে একটি নাচের উৎসবে অংশ নিতে যাই। তখন দেখি, সবাই আমাদের ধরে নিয়েছেন, আমরা ভারতীয়। কারণ, আমরা যেভাবে নেচেছি, যে শাড়ি পরেছি, সেগুলো একদমই ভারতীয়দের মতোই। সেদিন মনে হলো, আমাদের নাচে নিজস্বতা ফুটিয়ে তুলতে হবে। যেটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি, জাতিগত বৈশিষ্ট্য প্রকাশ করে। কেউ যেন দেখলেই বুঝতে পারে, আমরা বাংলাদেশের। সেই জায়গায় আমরা আলাদা হতে পেরেছি। আমরা নিজেদের আলাদা ব্র্যান্ডিং করতে সমর্থ হয়েছি।’ ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানাতে গিয়ে এই নৃত্যশিল্পী জানান, ভবিষ্যতে তাঁরা নৃত্যশিল্পীদের চাকরি দিতে চান। সেই পথেই হাঁটছেন। এ ছাড়া রেপার্টরি হিসেবে তাঁদের নিজস্ব মিলনায়তন দরকার। সেটা নিয়েও কাজ করবেন।
‘যেন দেখলেই বুঝতে পারে, আমরা বাংলাদেশের’



