তিন বছর পর ফিরছে প্রথম বিভাগ হকি – Sarabangla

তিন বছর পর ফিরছে প্রথম বিভাগ হকি – Sarabangla

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে ফিরছে দেশের ঘরোয়া হকির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা প্রথম বিভাগ হকি লিগ। তিন বছর বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর শুরু হচ্ছে এবারের আসর। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক হকিতে ফেরার সুযোগ পাওয়ায় ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এবারের লিগে অংশ নেবে ১১টি দল। শিরোপার লড়াইয়ে দেখা যাবে ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসিকে।

তিন বছর ঘরোয়া প্রথম বিভাগ লিগ না হওয়ায় নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না খেলোয়াড়রা। বিশেষ করে বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে সিনিয়র হকিতে নিজেদের জায়গা করে নিতে চাওয়া খেলোয়াড়দের জন্য নিয়মিত লিগ না থাকাটা ছিল বড় ক্ষতি। সেই জায়গা থেকেই এবারের প্রথম বিভাগ লিগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

জাতীয় দল গড়ার জন্য পর্যাপ্ত খেলোয়াড় সংকটের আলোচনা বারবারই উঠে। কিন্তু যে ঘরোয়া লিগ থেকে জাতীয় দলের খেলোয়াড় প্রস্তুত হয় সেটা বড় একটা অংশই এতোদিন বন্ধ ছিল।

নিয়মিত লিগ না থাকলে খেলোয়াড়দের ম্যাচ টেম্পো, চাপ সামলানোর অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ কমে যায়। তাই প্রথম বিভাগ লিগের ধারাবাহিকতা ধরে রাখা জাতীয় দলের পাইপলাইন শক্ত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

Scroll to Top