
ছবি: সংগৃহীত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন নিয়মের বিষয়টি জানিয়েছে আইভ্যাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্টের স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট ভারতীয় মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর অ্যাপয়েন্টমেন্ট খোলার বিষয়টি নির্ভর করবে।
আইভ্যাক জানিয়েছে, স্লট খালি থাকা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
আইভ্যাক আবেদনকারীদের নির্ধারিত সময়ে স্লট খোলার বিষয়টি খেয়াল রাখার এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে সংশ্লিষ্ট ভিসা সেন্টারের স্লটের প্রাপ্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




