২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন লুইস এনরিকে, সাথে ৫ ফুটবলার – DesheBideshe



লুইস এনরিকে

প্যারিস, ৫ সেপ্টেম্বর – পিএসজির সাম্প্রতিক সাফল্যের ধারা অব্যাহত রাখতে বড় পদক্ষেপ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দলের সফল কোচ লুইস এনরিকে এবং পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে প্যারিসের এই ক্লাবটি।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্প্যানিশ কোচ লুইস এনরিকের বর্তমান চুক্তি ২০২৬ থেকে ২০২৭ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত তিনি পিএসজির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

এনরিকের অধীনেই পিএসজি তাদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় এবং টানা দুইবার এই শিরোপা নিজেদের করে নেয়।

কোচের পাশাপাশি খেলোয়াড়দের ধরে রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছে ক্লাবটি। অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিয়ান রুইজের চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ডিফেন্ডার উইলিয়ান পাচো এবং তরুণ মিডফিল্ডার জোয়াও নেভেসের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করেছে পিএসজি। এই দুই ফুটবলারই ক্লাবের সাম্প্রতিক ইউরোপীয় সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ভবিষ্যতের কথা মাথায় রেখে ২০ বছর বয়সী সেনি মায়ুলু এবং ২২ বছর বয়সী লুকাস বেরালদোর সঙ্গেও ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। পিএসজি কর্তৃপক্ষ মনে করছে কেবল বড় তারকাদের দলে ভেড়ানো নয় বরং সফল কোচ ও প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রেখে একটি শক্তিশালী কাঠামো তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

এনরিকেকে দীর্ঘ সময়ের জন্য রেখে দেওয়ার মাধ্যমে ক্লাবটি বিশ্ব ফুটবলে বড় একটি বার্তা পৌঁছে দিয়েছে।

এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top