ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম অনিক। আলোকস্বল্পতার কারণে দুবার খেলা বন্ধ হওয়াতে ৯০ ওভারের জায়গায় আজ খেলা হয়েছে মোট ৭৪ ওভার। তাছাড়া আজই হয়ত তিন অঙ্কের দেখা পেতেন সাদমান। আগামীকাল নার্ভাস নাইন্টিতে দিনের খেলা শুরু করবেন। সাদমান হয়ত নার্ভাসই থাকবেন। ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বললেন, সাদমানের সেঞ্চুরির জন্য পুরো দলই নার্ভাস!
বাংলাদেশ দলের হয়ে ৩২তম টেস্ট খেলতে নামা সাদমানের সেঞ্চুরি মাত্র ২টি, হাফ সেঞ্চুরি ৯টি। সাদমানের এই ইনিংস বড় করতে না পারার ব্যর্থতা নিয়ে আলোচনা হয় নিয়মিত। কোচ সালাউদ্দিন বললেন, এই দুর্বলতা কাটিয়ে উঠতে শুরু করেছেন সাদমান।
সালাউদ্দিন বলেন, ‘(সাদমান) সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে। ৫০-৬০ রানের ইনিংস অনেক খেলেছে, ইদানিং লম্বা হচ্ছিল না। সে নিজেকে নিয়ে কাজ করছে।’
কাল ৯৯ রান নিয়ে ব্যাট করতে যেতে হবে বলে নার্ভাস কিনা, এমন প্রশ্নে সালাউদ্দিন বলেছেন শুধু সাদমান নয় নার্ভাস থাকবে পুরো দলই! সালাউদ্দিন বলেন, ‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। আমরা সবাই চাচ্ছিলাম সেঞ্চুরিটা হয়ে যাক। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। এই ইনিংস তাকে পরবর্তীতে অনেক সহায়তা করবে।’
সাদমানের দারুণ ইনিংসের দিনে বাজেভাবে আউট হয়েছেন মুমিনুল হক। ক্রিজে গিয়ে থিতু হয়েছিলেন। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ। ৫১ বলে ২৮ রান করার পর নিজের উইকেট রীতিমতো বিলিয়ে দিয়েছেন।
মুমিনুলের আউট নিয়ে সালাউদ্দিন বলেন, ‘যখন প্রতিবার একই ভুল করবেন, কোনো না কোনো সমস্যা আছে। ওকে (মুমিনুল) নিজেকেই বের করতে হবে কীভাবে এখান থেকে বের হয়ে আসবে। বলটা খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে ওপর দিয়ে চলে যেত।’
আলোকস্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ হওয়ায় ৩ উইকেটে ২১৩ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। ক্রাম্পের শিকার হয়ে আজ ৪১ রান করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়। কাল হৃদয়ের ব্যাটিং করতে নামার সুযোগ আছে। বাংলাদেশেরও বড় স্কোর গড়ার ভালো সুযোগ আছে।




