নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ এইচপি – DesheBideshe



ঢাকা, ২৭ আগস্ট – টানা তিন জয়ের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে হোঁচট খেয়েছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। তবে সেই ধাক্কা সামলে ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৪ রানে হারিয়ে পুনরায় জয়ে ফিরেছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দলটি।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ড ‘এ’ দলকে ১৫৮ রানে আটকে দিয়ে এই জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন আরিফুল ইসলাম ও সাব্বির রহমান। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

আরিফুল ইসলাম খেলেন ৪৮ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস, যেখানে ৭টি চার ও ২টি ছক্কা ছিল। অন্যদিকে সাব্বির রহমান মাত্র ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাথু ফিশার ২টি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দলের ওপেনাররা শুরুটা ভালো করলেও বাংলাদেশি বোলারদের তোপের মুখে তা ধরে রাখতে পারেনি। ওপেনার ক্যাটেনে ক্লার্ককে ২৪ রানে আউট করে ব্রেক থ্রু দেন রিপন মন্ডল। আরেক ওপেনার ম্যাক্স চু ৪৪ রান করলেও রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয় নিউজিল্যান্ডের মিডল অর্ডার।

রাকিবুল ও রিপন উভয়েই তিনটি করে উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ইনিংসকে গুটিয়ে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থেমে যায় কিউইদের ইনিংস। মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট তুলে নিয়ে দলের জয়ে অবদান রাখেন।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬



Scroll to Top