তিন ম্যাচে ৬ উইকেট। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র্যাঙ্কিংয়েও পেলেন শরীফুল। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল।
তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছেন ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ।



