২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু তালিকা ও ব্র্যান্ড উন্মোচন করল আইসিসি – DesheBideshe

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু তালিকা ও ব্র্যান্ড উন্মোচন করল আইসিসি – DesheBideshe


২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু তালিকা ও ব্র্যান্ড উন্মোচন করল আইসিসি – DesheBideshe

আবুধাবি, ৩১ জুলাই – আইসিসি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুর নাম ও ব্র্যান্ড জোহানেসবার্গে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই মেগা আসরের আয়োজন করবে। দীর্ঘ ২৪ বছর পর ওয়ানডে বিশ্বকাপ আবার আফ্রিকা মহাদেশে ফিরছে।

১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৮টি, জিম্বাবুয়েতে ৩টি এবং নামিবিয়ায় ১টি ভেন্যু নির্বাচন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলোর মধ্যে রয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, টিশওয়ানের সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ডারবানের কিংসমেড ক্রিকেট গ্রাউন্ড, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউঙ্গ ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোম্পো সিটির বাফেলো পার্ক।

জিম্বাবুয়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মুসি ওয়া টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নামিবিয়ার উইন্ডহোয়েকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের ব্র্যান্ডিং সম্পর্কে আইসিসি জানিয়েছে, থ্রি নেশনস, ওয়ান হার্টবিট স্লোগানের মাধ্যমে তিন আয়োজক দেশের ঐক্য ও বৈচিত্র্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আসরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মেক দ্য সার্কেল বিগার। এছাড়া আফ্রিকার ঐতিহ্যবাহী দর্শন উবুন্টু এর বার্তাও বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।

উবুন্টু দর্শনের মূল কথা হলো মানবতা এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে একসূত্রে গাঁথা। আইসিসি সভাপতি জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন যে, ভেন্যুর নাম ঘোষণা করা বিশ্বকাপের পথে একটি বড় মাইলফলক। তিনি বলেন, ২৪ বছর পর এই টুর্নামেন্টের আফ্রিকায় প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া তাদের আতিথেয়তা ও ক্রিকেট উন্মাদনার মাধ্যমে এক স্মরণীয় বিশ্বকাপ উপহার দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত জানান, এই আয়োজন নতুন প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের অনুপ্রাণিত করবে। মোট ১৪টি দলের অংশগ্রহণে ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেও বিশ্বকাপের আয়োজন করলেও নামিবিয়া প্রথমবারের মতো বড় কোনো আইসিসি ইভেন্টের স্বাগতিক হতে যাচ্ছে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬



Scroll to Top