
বুয়েনস আইরেস, ২৪ জুলাই – ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও নিজের চিরচেনা নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পুরো আসরে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন।
তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি এই মহাতারকা। কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা তার জন্য খোলা রাখার কথা বললেও আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জানা গেছে, জাতীয় দলে নতুন প্রজন্মের ফুটবলারদের জায়গা করে দিতে এবং দল পুনর্গঠন প্রক্রিয়া সহজ করতে আগামী কয়েক মাস তিনি দলের সঙ্গে থাকতে চান। তবে ২০৩০ বিশ্বকাপের জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার নেই। বরং খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি অরজয়ী এই কিংবদন্তি।
এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ মেসির জন্য একটি বিশেষ এবং বর্ণাঢ্য বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। বেইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে ভক্ত সমর্থকরা তাদের প্রিয় ফুটবলারকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠ থেকে বিদায় জানানোর সুযোগ পাবেন।
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল চড়াই উতরাই ও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মিশেল। দীর্ঘ অপেক্ষার পর তার নেতৃত্বেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে তিনি পালন করেছেন অগ্রণী ভূমিকা। ফুটবলের অনেক মহাতারকার বিদায় সাদামাটা হলেও লিওনেল মেসির ক্ষেত্রে তা হতে যাচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মতোই স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ।
এস এম/ ২৪ জুলাই ২০২৬







